বাংলাদেশের বিপক্ষে দলে ফিরলেন রেনশ
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
ডারউইন টেস্টে দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি। ওপেনার জ্যাক ওয়েদারাল্ড যে দলে জায়গা হারাতে চলেছেন, সেটা মোটামুটি নিশ্চিতই ছিল।
শেষ পর্যন্ত ম্যাকাইয়ে হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়লেন ওয়েদারাল্ড। তার জায়গায় দলে ফিরলেন আরেক ওপেনার ম্যাথু রেনশ।
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে দুই ইনিংসে অজি ওপেনার ওয়েদারাল্ড করে ২৩ ও ০ রান। অ্যাশেজে ট্রাভিস হেডের সঙ্গে কয়েকটি দারুণ উদ্বোধনী জুটির পর গত এপ্রিলে তাকে জাতীয় চুক্তি দিয়েছিল নির্বাচকরা। কিন্তু মাত্র এক টেস্ট পরেই তাকে স্কোয়াড থেকে বাদ পড়তে হলো।
পরের টেস্টে হেডের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে রেনশকে। বিকল্প হিসেবে রয়েছেন জস ইংলিশও।
অস্ট্রেলিয়ার ১৩ জনের স্কোয়াডে এসেছে এই একটি পরিবর্তনই।






