বড় দায়িত্ব পেয়ে জাতীয় দলে তালহা জুবায়ের

ছবি: আগামীর সময়
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে বিসিবির কোনো প্রোগ্রামেই জায়গা হচ্ছিল না তার। বোর্ড পরিবর্তন হতেই বড় দায়িত্ব পড়ল তালহা জুবায়েরের কাঁধে। অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলের বোলিং কোচের আসনে বসছেন তিনি। শন টেইট জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ায় পথ খুৃলেছে তালহার জন্য।
শন টেইট কিছুদিন আগে কলকাতা রাজ্য দলের কোচ হতে চেয়ে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেই নতুন ভূমিকায় দেখা যেতে পারে তাকে। তালহা জুবায়েরের দায়িত্বটা অবশ্য পাকাপাকি নয়। আপৎকালীন পেস বোলিং কোচ হিসেবেই নিয়োগ দেওয়া হচ্ছে তাকে।
৪০ বছর বয়সী সাবেক এই পেসার বাংলাদেশের হয়ে ৭টি টেস্ট ও ৬টি ওয়ানডে খেলেছেন। ২০০২ সালে বাংলাদেশের হয়ে অভিষেক হয় তার। খেলোয়াড়ি জীবন শেষে নাম লেখান কোচিংয়ে। এখন অবধি দেশের শীর্ষ পর্যায়ে সুনামের সঙ্গে কোচিং করিয়ে চলেছেন।
এর আগে বিসিবির বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে বোলিং কোচ হিসেবে ছিলেন তালকা। এইচপির পেস বোলিং কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। এ ছাড়া সম্প্রতি আইসিসির লেভেল ৩ কোচিং কোর্সও করেছেন। ঘরোয়া ক্রিকেটে প্রাইম ব্যাংকের এই কোচ বিপিএলে খুলনা ফ্র্যাঞ্চাইজিকে আসরের ফাইনালে তুলেছেন একবার।
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড আসার পর বিসিবির কোনো প্রোগ্রামেই নেওয়া হতো না তাকে। এ নিয়ে অনেকবার ওই সময়ের ক্রিকেট অপারেশন্স প্রধান নাজমুল আবেদীন ফাহিমের দিকে পক্ষপাতিত্বের আঙুল তুলেছিলেন তালহা। তামিম ইকবালের বোর্ড আসার পর একেবারে জাতীয় দলের দায়িত্বই পেয়ে গেলেন তিনি।




