শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন ৩১ বছর বয়সী তারকা ব্যাটার কুশল মেন্ডিস। কয়েকদিন আগেই স্বেচ্ছায় অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়া ৩৫ বছর বয়সী ধনঞ্জয়া ডি সিলভাও আছেন ১৫ সদস্যের স্কোয়াডে আছে।
ইতোমধ্যেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন কুশল মেন্ডিস। তবে টেস্ট অধিনায়ক হিসেবে এটিই হতে যাচ্ছে তার প্রথম অ্যাসাইনমেন্ট। দলে ফিরেছেন বাঁহাতি ফাস্ট বোলার দিলশান মাদুশঙ্কা। স্কোয়াডে থাকলেও পাথুম নিশাঙ্কার খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ার পর থেকে তিনি পুনর্বাসনে আছেন। এছাড়া ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে চমৎকার পারফর্ম করে প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন ২২ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার আনজালা বান্দারা। ৪৬ ইনিংসে ৬৫.৮৫ গড়ে ২,২৩৯ রান করা বান্দারার ঝুলিতে রয়েছে ৭টি সেঞ্চুরি ও ১টি ডাবল সেঞ্চুরি (অপরাজিত ২০০)। তবে গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলা ওপেনার লাহিরু উদারা এবং অভিজ্ঞ উইকেটকিপার নিরোশান ডিকাভিলা বাদ পড়েছেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এক জয়, দুই পরাজয় ও তিন ড্রয়ে ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হারার পর টেবিলের তলানিতে (৪.৬৩ শতাংশ পয়েন্ট) অবস্থান করছে স্বাগতিক পাকিস্তান। আগামী ৯ নভেম্বর থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে সিরিজটি। শ্রীলঙ্কার ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, পাসিন্দু সুরিয়াবান্দারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, ধনঞ্জয়া ডি সিলভা, আনজালা বান্দারা, কেশরা নুওয়ান্থা, প্রবাথ জয়াসুরিয়া, মিলান রথনায়েকে, লাহিরু কুমারা, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা ও ইশান মালিঙ্গা।





