আর্চারিতে ‘হাত মেলাল’ বাংলাদেশ ও সৌদি আরব

আর্চারিতে নিজেদের উন্নতিতে কাজ করতে একমত হয়েছে বাংলাদেশ ও সৌদি আরব আর্চারি ফেডারেশন। সম্প্রতি, ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরব আর্চারি ফেডারেশনের সভাপতি তুর্কি আল-দারবির সঙ্গে। খেলাটির মানোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় নিয়ে আলোচনা করেছেন দুজন।
সৌদি আরবে আর্চারির বর্তমান অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয়েছে রাজীব ও আল-দারবির। দুই দেশের ক্রীড়া সংগঠকের স্বীকারোক্তি, এশীয় অঞ্চলে খেলাটিকে আরও জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করতে একসঙ্গে কাজ করা জরুরী।
বিশেষ করে প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, কোচ ও জুডিসিয়ারি ডেভেলপমেন্ট এবং যৌথ ক্যাম্প আয়োজনের মাধ্যমে দুই দেশের আর্চাররা উপকৃত হতে পারবে।
খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক সুযোগ-সুবিধা এবং উচ্চতর প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হয় আলোচনায়। খেলোয়াড় ও কোচদের অভিজ্ঞতা বিনিময়ের পথ সুগম করে দুই দেশের ক্রীড়া কূটনীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে দুই ক্রীড়া সংগঠক আশা প্রকাশ করেন।



