ভারত ম্যাচে ভরাডুবি
সুযোগ থাকলে শাহীন-বাবর-শাদাবকে বসিয়ে দিতাম: আফ্রিদি

ছবি : ক্রিকইনফো
কলম্বোতে ভারতের বিপক্ষে ভরাডুবির পর পাকিস্তান দলে বড় ধরনের রদবদলের দাবি তুলেছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে সিনিয়র ত্রয়ী বাবর আজম, শাহীন আফ্রিদি ও শাদাব খানকে একাদশের বাইরে রেখে তরুণদের সুযোগ দেওয়া উচিত।
একটি টেলিভিশন আলোচনায় আফ্রিদি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকলে আমি শাহীন, বাবর ও শাদাব—তিনজনকেই বসিয়ে দিতাম। নতুনদের খেলাতাম, তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতাম। একই খেলোয়াড়দের বারবার সুযোগ দিয়ে লাভ কী, যদি তারা বড় ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারে?’
তিনি আরো বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই খেলোয়াড়দের দেখছি। প্রতিবারই আশা করি বড় ম্যাচে তারা দায়িত্ব নেবে। তারা সিনিয়র ক্রিকেটার। যদি পারফরম্যান্স না আসে, তাহলে বেঞ্চে থাকা জুনিয়রদের সুযোগ না দেওয়ার যুক্তি কোথায়?’
ভারতের বিপক্ষে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম ৭ বলে করেন মাত্র ৫ রান। বড় ম্যাচে তার ধারাবাহিক ব্যর্থতা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে।
বল হাতে শাহীন আফ্রিদি ছিলেন সবচেয়ে ব্যয়বহুল। ২ ওভারে ৩১ রান দেন তিনি; দুটি ওভারেই ১৬ করে রান খরচ হয়, যা ভারতের ইনিংসের শেষভাগে গতি এনে দেয়।
অন্যদিকে, শাদাব খানও অলরাউন্ডার হিসেবে প্রত্যাশা পূরণ করতে পারেননি। এক ওভারে ১৭ রান দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন ধীরগতির ১৪ রান।

