আগামীর সময়

মায়ের স্নেহ না পেয়ে পুতুলের কোলে বাঁদরছানা

মায়ের স্নেহ না পেয়ে পুতুলের কোলে বাঁদরছানা

পুতুলের বুকেই মায়ের ভালোবাসা খুঁজছে বাঁদরছানা

পুতুলের কোলে শুয়ে বাঁদরছানা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই দৃশ্য। কয়েকদিন ধরে তুমুল আলোড়ন। মায়ের স্নেহবঞ্চিত বাঁদরছানাটির জন্য মায়া লেগে গেছে নেটিজেনদের। জাপানের একটি চিড়িয়াখানার ঘটনা এটি। সেখানেই জন্ম বাঁদরছানাটির।


ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি পুতুলের কোলে মাথা রেখে নিশ্চিন্তে শুয়ে বাঁদরছানাটি। কখনো আবার খেলায় মেতে উঠছে সেই পুতুল ঘিরে।


জানা গেছে, গত জুলাই মাসে জন্ম বাঁদরছানাটির। জন্মের পরই তাকে দূরে সরিয়ে দেয় তার মা। ফলে মায়ের আদর-যত্ন মেলেনি। অন্য বাঁদরেরাও গ্রহণ করেনি সেভাবে। একাকীত্বে ভুগতে থাকা প্রাণীটিকে দেখে চিড়িয়াখানার কর্মীরাই এগিয়ে আসে। একটি সফট টয় এনে রাখা হয় তার খাঁচায়। তারপর থেকেই পুতুলটিকে আপন করে নেওয়া। খেলা, ঘুম, সবকিছুতেই তার সঙ্গী হয় পুতুল।


তবে শুধু পুতুলই নয়, চিড়িয়াখানার কর্মীদের সঙ্গেও বন্ধুত্ব গড়ে ওঠে তার। খাবার দিতে এলে তাদের কোলে উঠে পড়ত। যেন একটু উষ্ণতার খোঁজ। আর এমন সব মুহূর্তের ভিডিও সোশালে ছড়িয়ে পড়তেই আবেগে ভেসেছেন অনেকে। মিলেছে সুখবরও।


সম্প্রতি ভাইরাল আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, অপর একটি বড় বাঁদরের কোলে আশ্রয় পেয়েছে ছানাটি। বাঁদরটি তার জন্মদাত্রী মা কিনা বা তাদের বয়সের ফারাক স্পষ্ট নয়। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর নিজের প্রজাতির একজনকে পেয়ে ছানাটি অনেকটাই নিশ্চিন্ত। এই ঘটনা মনে করিয়ে দেয় প্রাণীদেরও প্রয়োজন স্নেহ, নিরাপত্তা ও সামাজিক বন্ধন।

    শেয়ার করুন: