আগামীর সময়

নির্বাচনের আগ মুহূর্তে ফেসবুক পেজ ফিরে পেলেন আমির হামজা

নির্বাচনের আগ মুহূর্তে ফেসবুক পেজ ফিরে পেলেন আমির হামজা

ফাইল ছবি

কুষ্টিয়া-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা পাঁচ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজ ফেরত পেয়েছেন।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তিনি ফেসবুক পেজ ফেরত পান।

বেলা আড়াইটার দিকে ভোট প্রার্থনা করে একটি ভিডিও আপলোড করেন তার ফেসবুক পেজে। ভিডিওতে বলতে শোনা যায়, প্রিয় কুষ্টিয়াবাসী, নির্বাচনী প্রচারণায় আমরা দীর্ঘ দিন, দীর্ঘ সময় ধরে আপনাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি। মানুষ হিসাবে আমাদের সীমাবদ্ধতা থাকায় আমরা প্রত্যেকের বাড়িতে হয়তো যেতে পারিনি। এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে এবং দোয়া করে আমার সঙ্গে থাকবেন।

তবে নির্বাচন বিধিমালা ২০২৫-এর ১৮ বিধি অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর থেকে অফলাইন এবং অনলাইনে নির্বাচনী প্রচার-প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে।

মেটা পেজটি অপসারণ করার পর আমির হামজার আইটি বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে।


    শেয়ার করুন: