কেরানীগঞ্জে গতকাল সারা রাত অভিযোগ পেয়েছি: গয়েশ্বর চন্দ্র রায়

সংগৃহীত ছবি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৩ (কেরানীগঞ্জ একাংশ) আসনের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
ভোট দেওয়ার পর গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেননি। আজ তারা ভোট দিতে পারছেন। আমরা চাই, প্রত্যেক ভোটার ভোটকেন্দ্রে এসে তার ভোটাধিকার প্রয়োগ করুক। ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে বিএনপির অনেক অবদান রয়েছে। অনেক মায়ের বুক খালি হয়েছে, সন্তানের বুকের রক্ত ঝরেছে।’
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘দুঃখজনক হলেও কেরানীগঞ্জে গতকাল বুধবার সারা রাত অভিযোগ পেয়েছি। রাত ১০টা, ১২টা ও ১টায়, বিশেষ করে জামায়াতে ইসলামীর প্রার্থীর লোকজন ভোটকেন্দ্রে ঢুকেছেন। এই মুহূর্ত পর্যন্ত জিনজিরা পি এম পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে তাদের বের করতে পারে নাই। কেন পারে নাই, কী দুর্বলতা, সেটি দেখতে যাচ্ছি।’
সকাল সোয়া আটটায় মুসলিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম ভোট দেন। বিএনপির প্রার্থীর অভিযোগের বিষয়ে শাহীনুর ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রার্থী যে অভিযোগ করছেন, সেটি কি আদৌ সম্ভব? এটি শুনে হাসি পেল। এসব ভিত্তিহীন অভিযোগ সাধারণ জনগণ কখনো মেনে নেবে না।’

