শহীদ ওয়াসিমের সেই ছবি দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি: সালাহউদ্দিন

ফাইল ছবি
শহীদ ওয়াসিম আকরাম শহীদ হওয়ার দুই সপ্তাহ আগে নির্বাসিত জীবনে শিলংয়ে আমাকে দেখতে গিয়েছিল তার এক সঙ্গীসহ। আমি বলেছিলাম— বাবা এ বয়সে তুমি কেন পাসপোর্ট করে মা-বাবার অর্থ ব্যয় করে আমাকে দেখতে এলে? জবাবে বললো ‘আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল, সেজন্য আমি এসেছি’।
আমার সঙ্গে ছবি তুলল, এসে ফেসবুক প্রোফাইল দিয়ে দিল। যেদিন তার মৃত্যু হলো, রাজপথে গুলিবিদ্ধ হলো, তার সেই ফেসবুক প্রোফাইলটি ভাইরাল হয়ে গেল। সেই ছবি দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি।
শহীদ ওয়াসিমকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সোমবার বেলা ১১টায় আবেগতাড়িত হয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, তার (শহীদ ওয়াসিম) মায়ের সঙ্গে টেলিফোনে কথা বললাম, বললো বাবা তোমাকে দেখে আসার পরে আর আমাকে দেখতে আসেনি।
পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে উপজেলা ছাত্রদল আয়োজিত মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ ও ক্লাস টপার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
আমাদের সন্তানরা দেশের জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারে উল্লেখ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই আমাদের নতুন প্রজন্ম। দেশের হাল তোমরাই ধরবে। আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে।
সালাহউদ্দিন বলেন, আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের হাতে ধরা বাংলাদেশের জাতীয় পতাকা আজকে আমাদের নেতা তারেক রহমানের হাতে। সেই পতাকা আজকে আমি তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম। তোমরা এ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রকে পাহারা দেবে, রক্ষা করবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা যা করতে পারিনি; তোমরা তা করে দেখাবে, আধুনিক বাংলাদেশ গড়বে, সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে মেধাবী, জ্ঞানভিত্তিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৬ জুলাই বেলা ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম শহীদ হন। চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

