বর্ষীয়ান রাজনীতিক খন্দকার মোশাররফের ৮১তম জন্মদিন আজ

গ্রাফিকস: আগামীর সময়
৮১ বছরে পা দিলেন বর্ষীয়ান রাজনীতিক, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। ১৯৪৬ সালের আজকের দিনে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। ড. মোশাররফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান, ভূ-বিজ্ঞানী, গবেষক, লেখক ও কলামিস্ট।
তার রাজনৈতিক জীবনও ভীষণ কর্মবহুল। তিন মেয়াদে মন্ত্রী ও পাঁচবার এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী এলাকায় প্রতিষ্ঠা করেছেন দাউদকান্দি পৌরসভা। নতুন উপজেলা তিতাসও প্রতিষ্ঠার পেছনে অবদান তার। এ ছাড়া, ড. মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে দুটি ডিগ্রি কলেজ, তিনটি হাই স্কুল, একটি দাখিল মাদ্রাসা, একটি নুরানি মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছেন।
শেখ হাসিনার সরকার হটানোর এক দফা এবং দেশ ও জনগণের স্বার্থরক্ষার প্রতিটি আন্দোলনে বীরোচিত ভূমিকা রেখেছেন ড. খন্দকার মোশাররফ। রাজনৈতিক জীবনে বিভিন্ন সরকারের প্রতিহিংসার শিকার হয়ে ১৯৮৬, ১৯৯৬, ২০০৭, ২০১২ এবং ২০১৪ সালে গ্রেপ্তার হয়ে প্রায় পাঁচ বছর কারাভোগও করেছেন।



