আগামীর সময়

জামায়াতের জনপ্রিয়তা ক্ষুণ্ন করতেই সাইবার অ্যাটাক: গোলাম পরওয়ার

জামায়াতের জনপ্রিয়তা ক্ষুণ্ন করতেই সাইবার অ্যাটাক: গোলাম পরওয়ার

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি বঙ্গভবন ও ভারতের প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে জামায়াতের জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে সাইবার অ্যাটাক শুরু করেছে। মানুষকে ভয় দেখানো হচ্ছে— দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশ নাকি পশ্চিম পাকিস্তান হয়ে যাবে। আবার ভোট দিতে গেলে পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল মোড়স্থ ট্রাকস্ট্যান্ড মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপির ফ্যামিলি কার্ডের আশ্বাস শেখ হাসিনার ১০ টাকার চাল খাওয়ানোর প্রতিশ্রুতির মতোই। এটা ভুয়া। ভুয়া বলারও তো একটা সীমা আছে। এর আগেও ক্ষমতায় আসার আগে তারা বেকার ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিল। সেই বেকার ভাতার ফলাফল কোথায় জনগণ আজও তা দেখেনি। এসব আশ্বাস আসলে মানুষকে বিভ্রান্ত করার কৌশল।

তার দাবি, দেশের জনসংখ্যা ১৮ কোটি হলেও বিএনপি ৫০ কোটি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, যা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

গোলাম পরওয়ার বলেন, বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান এক বক্তৃতায় বলেছেন, জামায়াতও একসময় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল। তখন কেন জামায়াত পদত্যাগ করেনি এমন প্রশ্ন তুলেছেন। এর জবাবে জামায়াত আমির বলেছেন, দুর্নীতির সাগরের মধ্যেও জামায়াত কিভাবে সৎ থাকতে পারে, সেটিই প্রমাণ করার জন্য তখন কেউ পদত্যাগ করেনি। সে সময় সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল, দাঁড়িওয়ালা-টুপিওয়ালারা দেশ পরিচালনার যোগ্য নয়। জামায়াত সেটার বাস্তব প্রমাণ দিয়েছে।

এ সময় নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

    শেয়ার করুন: