বিটিভিতে দলীয় প্রধানদের ভাষণের সময়সূচি প্রকাশ

সংগৃহীত ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের ভাষণ প্রচারের সূচি নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘ দেড় দশক পর রাষ্ট্রীয় এ সম্প্রচারমাধ্যমে দলীয় প্রধানদের ভাষণ প্রচারের সুযোগ সৃষ্টি হওয়ায় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
বিটিভি সূত্রে জানা গেছে, আজ ৮ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষণ প্রচার করা হবে।
আগামীকাল ৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভাষণ সম্প্রচারিত হবে।
একইদিন সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচারের সময় নির্ধারণ করা হয়েছে।
এই ধরণের সুযোগ রাজনৈতিক দলগুলোর জন্য ব্যবস্থা থাকায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সবাই।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এক সময় বিটিভি মানে ছিলো দলীয় বাক্স। সমান সুযোগে বিটিভিতে শীর্ষ নেতাদের ভাষণ প্রচারের ব্যবস্থায় থাকায় রাজনৈতিক নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করেছেন ।
পাশাপাশি গণতান্ত্রিক ধারার একটি চমৎকার দৃশ্যপট বলা যায়। বিটিভির এক কর্মকর্তা জানান,এখন পর্যন্ত চারটি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে ভাষণ প্রচারের অনুরোধ জানিয়েছে এবং সে অনুযায়ী সময় বরাদ্দ দেওয়া হয়েছে। অন্য কোনো দল আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে।
উল্লেখ্য, ২০০৮ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সর্বশেষ বিটিভিতে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচার করা হয়েছিল। পরবর্তী তিনটি জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে এ ধরনের সুযোগ রাখা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,জুলাই গণঅভ্যুত্থানের পর সরকারি গণমাধ্যমে নীতিগত পরিবর্তনের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর জন্য এ সুযোগ সৃষ্টি হয়েছে ।

