আগামীর সময়

দেশের স্বার্থ ঊর্ধ্বে রাখাই বিএনপির নীতি: সালাহউদ্দিন আহমদ

দেশের স্বার্থ ঊর্ধ্বে রাখাই বিএনপির নীতি: সালাহউদ্দিন আহমদ

ফাইল ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে রাখাই বিএনপির মূল নীতি। সে কারণেই বিএনপি সবসময় বলে সবার আগে বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, আর সেই গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে বিএনপি সরকার।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।


এর আগে চকরিয়ার মালুমঘাট এলাকায় চা-বাগান খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত আরেকটি নির্বাচনী পথসভায় অংশ নেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর বিএনপি সরকার বৈষম্যহীন ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে। যে স্বপ্ন মুক্তিযোদ্ধারা দেখেছিলেন এবং গণঅভ্যুত্থানে শহীদরা যে আকাঙ্ক্ষা রেখে গেছেন সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই বিএনপি কাজ করছে। তিনি সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা জাতিগত কোনো বিভাজন থাকবে না। আমাদের সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশি। বিএনপি কখনো ধর্মের ভিত্তিতে বিভাজনে বিশ্বাস করে না, ভবিষ্যতেও করবে না। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতেই নাগরিক পরিচয় প্রতিষ্ঠিত, যা আমাদের পাসপোর্টেও লেখা আছে।

মালুমঘাট এলাকায় চা-বাগান ব্যাপ্টিস্ট চার্চ মাঠে অনুষ্ঠিত পথসভায় চার্চের পালক থিউপিল মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন যোসেফ অমূল্য রায়, মিন্টু দাশ, কাজল মল্লিক, বিএনপি নেতা মাস্টার আনোয়ার হোসাইন, অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরী, গিয়াস উদ্দিন এবং এম আর মাহবুবসহ স্থানীয় নেতৃবৃন্দ।


    শেয়ার করুন: