আগামীর সময়

দেশের মানুষ ইনসাফের বাংলাদেশ চায়: নাহিদ ইসলাম

দেশের মানুষ ইনসাফের বাংলাদেশ চায়: নাহিদ ইসলাম

সংগৃহীত ছবি

পাঁচ আগস্টের পর দেশের মানুষ নতুন করে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ আর জুলুমবাজদের দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায়। তারা চায় সংস্কার আর ইনসাফের বাংলাদেশ।

আজ শুক্রবার দুপুরে সাভার পৌরসভার মাতৃ বাগান মসজিদ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আগামীতে যদি ঋণখেলাপি, চাঁদাবাজ আর জুলুমবাজরাই নির্বাচিত হয়ে সংসদে যায় তাহলে দেশের কোনো পরিবর্তন হবে না। এ জন্য মানুষ রক্ত দিয়ে গণ-অভ্যুত্থান করে নাই।

তিনি বলেন, সরকার গঠন করতে পারলে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন এবং বাংলাদেশকে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত করা হবে। বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে আর দেশের নিয়ন্ত্রণ করবে জনগণ।

সমাবেশে তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোটকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপি’র প্রার্থী দিলশানা পারুল, ঢাকা জেলা জামায়াত ইসলামীর আমির দেলোয়ার হোসেন, সেক্রেটারি জেনারেল আফজাল হোসেন, সাভার থানা এনসিপি’র আহ্বায়ক জুলকারনাইনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

    শেয়ার করুন: