আগামীর সময়

‘ইনসাফের বয়ান দিয়ে টাকায় ভোট কেনা কতটা সংগতিপূর্ণ’ প্রশ্ন বিএনপির

‘ইনসাফের বয়ান দিয়ে টাকায় ভোট কেনা কতটা সংগতিপূর্ণ’ প্রশ্ন বিএনপির

সংগৃহীত ছবি

সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে প্রায় ৭৪ লাখ টাকাসহ আটকের ঘটনা বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। এছাড়াও যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে তাদের টাকা দিয়ে ভোট কেনা বয়ানের সঙ্গে কতটা সংগতিপূর্ণ এই প্রশ্ন রেখেছেন তিনি।

আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় মাহদী আমিন ‘বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থসহ অনেককে আটক করেছে’ উল্লেখ করে এসব ঘটনায় নির্বাচন কমিশনকে (ইসি) ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মাহদী আমিন বলেন, ‘টানা চার দিন যেখানে দেশের সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোন ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। স্পষ্টতই আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলোর দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতিবিরোধী বয়ানের সঙ্গে কতটা সংগতিপূর্ণ।’

তিনি বলেন, ‘বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে। আমরা সকালে গণমাধ্যমে দেখতে পেলাম, সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে যাওয়ার পর নগদ অর্ধকোটিরও বেশি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে আটক করেছে পুলিশ। যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সব ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাবসায়িক লেনদেন ও কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে স্বাভাবিকভাবে সর্বত্র প্রশ্ন উঠছে, জামায়াতের একটি জেলার সর্বোচ্চ নেতা এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন?’

    শেয়ার করুন: