আগামীর সময়

ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে জানালেন সালাহউদ্দিন

ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে জানালেন সালাহউদ্দিন

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতিতে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের পররাষ্ট্রনীতি বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে কথা বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু প্রতিবেশী নয় সব দেশের সঙ্গেই সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, ন্যায্যতা ও সমঅধিকারের ভিত্তিতে। তিনি জোর দিয়ে বলেন, সার্বভৌমত্ব, সমমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই কূটনৈতিক সম্পর্ক পরিচালিত হবে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চলমান এবং আওয়ামী লীগের বিরুদ্ধেও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি পথেই সম্পন্ন হবে বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ জানান, নতুন সরকারের তিনটি প্রধান অগ্রাধিকার হবে- আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, দুর্নীতি নির্মূল।

তিনি আরও বলেন, আমাদের লড়াই ছিল রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য। শহীদদের আকাঙ্ক্ষা এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি মেধা ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গড়তে চাই।

    শেয়ার করুন: