সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের তদন্ত কমিটি

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জামায়াত। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দলটি।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ধানমন্ডি জোনের পরিচালক নুর নবী মানিককে। আগামীকাল বুধবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এ কমিটিকে।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান নুর নবী মানিক বলেছেন, ‘একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা বিষয়টি দেখে দ্রুত প্রতিবেদন দেব। প্রতিবেদনের আলোকে পরবর্তী সিদ্ধান্ত নেবে জামায়াত।’
এর আগে আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ এলাকায় জামায়াতের একটি কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে দলীয় নেতাদের কথা বলার সময় উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন কর্মী দৈনিক সকালের সময়ের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশিরকে মারধর করেন।
ঘটনা প্রসঙ্গে সাংবাদিক শিশির জানান, ধানমন্ডি ৩২-এ জামায়াতের কর্মসূচিতে একাধিক বক্তা একসঙ্গে বক্তব্য দিতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা অনুরোধ করেন, যেন দলের পক্ষ থেকে একজন নেতা মূল বক্তব্য তুলে ধরেন। জবাবে কয়েকজন বলেছেন, ‘কাভার না করলে চলে যান।’
তখন মারধরের শিকার সাংবাদিক শিশির বলেছেন, ‘আপনারা এভাবে বলতে পারেন না। সাংবাদিকরা তো আপনাদের দলের কর্মী না।’ শিশিরের দাবি, এই মন্তব্য সহ্য করতে পারেননি জামায়াতের নেতারা। এরপরই তাকে আওয়ামীপন্থী আখ্যা দিয়ে হামলা করা হয়।
ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‘ধানমন্ডিতে ভুল–বোঝাবুঝি থেকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দল তদন্ত কমিটি গঠন করছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’





