আগামীর সময়

নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করা শিষ্টাচারবহির্ভূত: আমীর খসরু

নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করা শিষ্টাচারবহির্ভূত: আমীর খসরু

ফাইল ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষ প্রতিকে মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। আমাদের ধর্মে, রাজনীতিতে সব জায়গায় নারীদের অগ্রাধিকারের কথা বলা আছে।


তিনি বলেন, নারীদের বাদ দিয়ে কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। অথচ আমরা যেখানে সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর কথা বলছি, সেখানে নারীদের নিয়ে যারা অসম্মানজনক মন্তব্য করছে যা দুঃখজনক এবং শিষ্টাচারবহির্ভূত। এটার ভার জনগণের ওপর ছেড়ে দিলাম, জনগণ নিশ্চয়ই এটা বিবেচনা করবে।


আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির চেয়ারপারসন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার আদর্শ ও নেতৃত্বের পথ অনুসরণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে।


আমীর খসরু বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ আরও বাড়ানো হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সব ক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।


তিনি বলেন, চট্টগ্রামকে একটি পূর্ণাঙ্গ লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা হবে। আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে চট্টগ্রামকে আরও শক্তিশালী করে একটি আধুনিক ও সমৃদ্ধ বাণিজ্যিক রাজধানীতে রূপ দেওয়া হবে।

    শেয়ার করুন: