আগামীর সময়

৪২ দলের ঝুলিতে শূন্য, সংসদে যাচ্ছে ৯ দল

৪২ দলের ঝুলিতে শূন্য, সংসদে যাচ্ছে ৯ দল

ফাইল ছবি

দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল ভোটে অংশ নেয়। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, অংশ নেওয়া দলগুলোর মধ্যে ৪২টির কোনো প্রার্থীই জয় পায়নি। সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছে মাত্র ৯টি দল।

ভোটের দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে টানা ভোটগ্রহণ চলে। জাতীয় নির্বাচনের পাশাপাশি এবার গণভোটও অনুষ্ঠিত হয়।

২৯৯ আসনে ভোট হলেও এখন পর্যন্ত ২৯৭টির ফলাফল প্রকাশ হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেয়েছে ২০৯ আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি এবং জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসনে জয়ী হয়েছে।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে জয় পেয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস জয়ী হয়েছে দুটি আসনে।

এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট এখন প্রকাশ করা হবে না। আর একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় শেরপুর-৩ আসনে পরে ভোট হবে।

নির্বাচনে অংশ নেওয়া ৫১ দলের মধ্যে ৪২টি কোনো আসনেই জয় পায়নি। অনেক দল শতাধিক আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত তাদের শূন্য হাতে ফিরতে হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় দলকে ঘিরে মেরুকরণ, জোটভিত্তিক সমীকরণ এবং কৌশলগত ভোটিংয়ের কারণে ছোট ও নতুন দলগুলো প্রত্যাশিত ফল পায়নি। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব পাচ্ছে মাত্র ৯টি রাজনৈতিক দল ও কয়েকজন স্বতন্ত্র সদস্য। বাকি ৪২ দলের জন্য এবারের নির্বাচন রয়ে গেল হতাশার স্মৃতি।

    শেয়ার করুন: