সবার উপরে ভোটার সত্য…

‘সালিশ যাই হোক, তাল গাছটা আমার’- অনেক মানুষের মধ্যেই এমন একটা গোয়ার্তুমি ভাব প্রায়ই দেখা যায়। এই কথাটা মনে এলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে। অতীতে বহু বিতর্কিত, প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখার অভিজ্ঞতা আমাদের রয়েছে। এর মধ্যেও দুয়েকবার অপেক্ষাকৃত ভালো নির্বাচনও হয়েছে; তাতে বিজয়ী পক্ষকে উল্লাসে ফেটে পড়তে দেখা গেলেও কখনও যা দেখতে পাওয়া যায় না, তাহলো পরাজয়কে সহজভাবে মেনে নিতে পারার উদারতা। ফলে ভোটের পর দীর্ঘদিন ধরে পরাজিত পক্ষের অসহিষ্ণুতা জিইয়ে থাকে। তাতে সন্দেহ, অবিশ্বাস আর অস্থিরতার ঘন কালো মেঘ জমতে থাকে। গণতন্ত্রের সুবাতাস আটকে যায় অবরুদ্ধ পরিবেশে।
বাস্তবতা হচ্ছে ভোটে দু'পক্ষ জিতবে না। জিতবে একটি পক্ষ। তারা সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। যারা জিতবে না তাদের ওপর থাকবে বিরোধী দলের ভূমিকা পালনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিজয়ী পক্ষের এটা ভাবার কারণ নেই, ভোটে জিতেছি মানেই সবকিছুর ওপর দখল পেয়ে গেছি। আবার হেরে যাওয়ার মানেও এমন নয়, ‘সব শেষ হয়ে গেলো।’
আমাদের তিক্ত অভিজ্ঞতা হলো, নির্বাচনে হেরে গেলে তুবড়ি ছোটানো হয়-ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। কখনো স্থূল, কখনো সুক্ষ্ম কারচুপির অভিযোগ শুনতে শুনতে ভোটাররা তিতিবিরক্ত। অথচ সহজভাবে জনগণের রায় মাথা পেতে নিলে, বিজয়ী পক্ষকে অভিনন্দন জানালে কোনো ক্ষতি তো নেই-ই বরং ভবিষ্যতে তা নিজেদের জন্যই মঙ্গল বয়ে আনতে পারে। এটাই প্রকৃত গণতন্ত্রের সৌন্দর্য। এই বোধবুদ্ধিটুকু রাজনীতিবিদদের মাথায় যে নেই এমনও নয়। কিন্তু তারা আবর্তিত হন অতি পুরাতন ও দুর্ভেদ্য এক রাজনৈতিক অপসংষ্কৃতির দুষ্টু বৃত্তে। এবার সময় এসেছে সেই বৃত্ত ভেঙ্গে বেরিয়ে আসার। বিজয়ী পক্ষকে মাথায় রাখতে হবে, জনগণ তাদেরকে শুধু ক্ষমতা উপভোগ করতে নয়, দেশ গড়ার বিশাল দায়িত্ব পালনের জন্য বেছে নিয়েছে। আর বিজিত পক্ষের জন্য জনতার বার্তা হচ্ছে, আগামী পাঁচ বছরে এমন কিছু করে দেখাও যাতে তোমাদের নামেও তারা জয়ধ্বনি দিতে পারে।
আমাদের প্রত্যাশা, এবার ভোটের দিনের ছবিটা হবে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক অনেক সুন্দর। মানুষ আনন্দ নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। ভোট দেয়ার পর টান টান উত্তেজনা নিয়ে অপেক্ষা করবেন ফলাফলের জন্য। ফল ঘোষণার পর পাড়া-মহল্লায় আনন্দ মিছিল হবে। সেখানে সামিল হতে বিজয়ীরা হাত ধরে টেনে নিয়ে যাবেন বিজিত পক্ষের নেতা-কর্মী-সমর্থকদের। এমন কিছু মুহূর্ত দেখতে চাওয়াটা কি আকাশ-কুসুম কল্পনা! জানি না, শুধু এটুকু বলতে পারি এবার ভোটের মর্যাদা রক্ষা করতে না পারলে আগামীর সময় কারো জন্যই তেমন একটা সুখের হবে না। মুখে মুখে গণতন্ত্র চাইবেন, অথচ বাস্তবে গণতন্ত্রের সদাচার ও মৌলিক শর্তগুলো অগ্রাহ্য করবেন তাতো হতে পারে না। তাই ভুল করেও ভুলে যাবেন না যে, জনগণই সকল ক্ষমতার উৎস।
সবার উপরে ভোটার সত্য…
লেখক: সাংবাদিক

