শিক্ষা ব্যবসায়িক প্রতিযোগিতার ক্ষেত্র নয়

একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয়ে। সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও বর্তমানে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে শিক্ষা দিচ্ছে। ফলে শিশুদের প্রাথমিক শিক্ষায় এসব প্রতিষ্ঠানের ভূমিকা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। কিন্তু অনেক ক্ষেত্রেই এসব বিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, অবকাঠামো, শিশুদের নিরাপত্তা এবং শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ফি নিয়ে নানা প্রশ্ন ওঠে। অনেক ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান ইচ্ছামতো ভর্তি ফি, অ্যাকাডেমিক ফি বা তাদের মনমতো অর্থ নিচ্ছে, যার ফলে অভিভাবকদের বাড়তি অর্থের চাপ সামলাতে হয়। এ ছাড়া অতিরিক্ত ক্লাসের নামে কোচিং-বাণিজ্যও নতুন নয়। বিশেষ করে শিক্ষার মান যেমন আধুনিক ও যুগোপযোগী শিক্ষার নামে অনেক বেসরকারি বিদ্যালয়ে সরকার নির্ধারিত সিলেবাসের বাইরে অতিরিক্ত বিষয় যুক্ত করা হচ্ছে।
প্রাথমিক শিক্ষা কোনো ব্যবসায়িক প্রতিযোগিতার ক্ষেত্র নয়; এটি একটি শিশুর ভবিষ্যৎ গড়ে তোলার প্রথম ধাপ। তাই সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রতি সরকারি নজরদারি করা জরুরি।
লেখক: শিক্ষার্থী, কুষ্টিয়া সরকারি কলেজ



