পেনসিলভেনিয়ায় ২৭ বাংলাদেশি গ্র্যাজুয়েটকে বিএসিএফের সম্মাননা
- হার্ভার্ড, ইউপেন, ড্রেক্সেল ও টেম্পলের শিক্ষার্থীরাও পেলেন পদক

বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ২৭ বাংলাদেশি শিক্ষার্থীকে সম্মাননা পদক দিয়েছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া (বিএসিএফ)। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে হার্ভার্ড, ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া (ইউপেন), ড্রেক্সেল ও টেম্পল ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও রয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) আপার ডার্বির ঢাকা ক্লাব পার্টি সেন্টারে ‘৪র্থ বিএসিএফ গ্রাজুয়েশন এন্ড রিসেপশন অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের হাতে পদক ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ চার শতাধিক মানুষ অংশ নেন।
শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, পরিবেশ, রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য চার ব্যক্তি ও একটি সংগঠনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল মতিন তাপাদার, ড. মো. খালেকুজ্জামান, ড. ইবরুল চৌধুরী ও আলাউদ্দিন পাটোয়ারী। এছাড়া ‘অসামান্য বাংলাদেশি সংগঠন’ সম্মাননা পেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্থপতি ও লেখক ড. কাজী খালিদ আশরাফ, প্রফেসর ফারুক সিদ্দিকী, ড. মো. খালেকুজ্জামান ও প্রফেসর হায়দার আলী। তারা শিক্ষার্থীদের পেশাগত সাফল্যের পাশাপাশি সমাজ ও কমিউনিটির প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন হার্ভার্ড ইউনিভার্সিটির মাস্টার্স শিক্ষার্থী ফাহিম ইসলাম ধ্রুব। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন ফারুক সলিমুল্লাহ ও রুমানা আলম।
অনুষ্ঠানে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল অ্যাট-লার্জের ড. নিনা আহমেদ, আপার ডার্বি টাউনশিপের মেয়র এড ব্রাউন, মিলবোর্ন বরোর মেয়র মাহবুবুল আলম তৈয়ব, স্টেট সিনেটর শরীফ স্ট্রিট, স্টেট রিপ্রেজেন্টেটিভ তারিক খানসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ফিলাডেলফিয়া সিটি ও পেনসিলভেনিয়া স্টেটের পক্ষ থেকে বিএসিএফ-এর হাতে প্রো-ক্লেমেশনও তুলে দেওয়া হয়।



