যাত্রীবাহীর চেয়ে মালবাহী ট্রেন বাড়াতে চায় সংসদীয় কমিটি

সংগৃহীত ছবি
রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানোর নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে পণ্য রপ্তানিতে রেলপথের ব্যবহার বাড়িয়ে আয় বৃদ্ধির সুপারিশ করেছে কমিটি।
আজ রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব নির্দেশনা ও সুপারিশ করা হয়। জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগারের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রেলওয়ের কার্যক্রম ও আয় বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। রেলখাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেয় কমিটি। রেলওয়ের আয় বাড়ানোর অন্যতম উপায় হিসেবে মালবাহী ক্যারেজ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে কমিটি। পাশাপাশি পণ্য রপ্তানিতে রেলপথ ব্যবহারের মাধ্যমে রাজস্ব বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও অগ্রগতি তুলে ধরা হয়। এ ছাড়া রেল পরিদর্শন অধিদপ্তর এবং কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। রেলওয়ের বিদ্যমান ডিজিটাল সেবা, স্পেসিফিকেশন অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও সংখ্যা বাড়ানোর উদ্যোগ, ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে মন্ত্রণালয়ের পদক্ষেপ এবং পঞ্চগড়–কক্সবাজার প্রস্তাবিত রেলপথের অগ্রগতির বিষয়েও বৈঠকে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ কমিটির সদস্যরা অংশ নেন। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




