শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

সংগৃহীত ছবি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। গতকাল শুক্রবার মধ্যরাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ কূটনীতিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এরপর থেকে শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
আজ শনিবার সকালে শহীদ মিনার এলাকায় দেখা যায়, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। কালো ব্যাজ ধারণ করে শ্রদ্ধা জানাতে এসেছেন নানা বয়সের মানুষ।
মিরপুর থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা আট বছরের শিশু সামিয়া জানায়, মায়ের কাছে ভাষা শহীদদের বীরত্বে কথা শোনা হয়। তাই মায়ের সঙ্গে শহীদদের শ্রদ্ধা জানাতে এলাম।
সামিয়ার মা একজন স্কুল শিক্ষক। তিনি বলেন, আমি চাই আমার মেয়ে দেশের ইতিহাস সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করুক। তাই তাকে আজ শহীদ মিনারে নিয়ে এসেছি। আশা করি, আমার উদ্দেশ্য সফল হবে।
এর আগে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রিসভার সদস্যরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পর তার পরিবারের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। এরপর তিন বাহিনীর পক্ষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শ্রদ্ধা জানান।
এরপরই সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১-দলীয় জোটের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও আপিল বিভাগের বিচারপতিরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পুষ্পস্তবক অর্পণ করেন।

