আগামীর সময়

রমজান মুনাফা লাভের মাস নয়: ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

রমজান মুনাফা লাভের মাস নয়: ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

আগামীকাল থেকেই সারাদেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রামাদান। এ উপলক্ষে দেশবাসীকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ শুভেচ্ছা জানান।

রামাদান আত্মশুদ্ধির মাস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। তবে দুঃখজনকভাবে আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়।

ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রামাদানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়— এ ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার-অনিয়মের সকল সিন্ডিকেটে ভেঙে দিতে বদ্ধ পরিকর। ইনশাআল্লাহ।

ব্যবসায়ীদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি সহজ উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষুদ্র মাঝারি কিংবা ছোট বড়, সকল ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট। বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। সুতরাং, সরকারের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত।

তিনি বলেন, এই সরকার সকলেরই সরকার। এই সরকার আপনাদেরই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি।

    শেয়ার করুন: