আগামীর সময়

অফিস-আদালত ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

অফিস-আদালত ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

সারাদেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

অতিরিক্ত প্রেস সচিব বলেছেন, লাইট কম ব্যবহার করে দিনের বেলা অফিস বা বাড়ি-ঘরের পর্দার জানালার সরিয়ে সূর্যের আলো ব্যবহারের জন্য সবার প্রতি প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।

প্রেস সচিব আরও বলেছেন, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দফতরে আসেন। তিনি অফিসে এসে নিজের কক্ষের ৫০ শতাংশ লাইটের সুইচ অফ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ মাত্রায় নিয়ে আসেন। এই মাত্রায় নিলে বিদ্যুৎ খরচ কম হয়। শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করেই কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির মাত্রা কমিয়ে দিতে বলেন।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীকে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং আর কী কী করণীয় আছে সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিতে বলেছেন।

    শেয়ার করুন: