আগামীর সময়

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি ‘আলোচনা করে’ বাস্তবায়নের পথে হাঁটবে সরকার। আলোচনায় দেশের স্বার্থ বিবেচনা করে নেয়া হবে সিদ্ধান্ত। এ তথ্য জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে সোমবার (২৩ মার্চ) দুপুরের আলাপে এ তথ্য জানালেন তিনি।

বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তার বক্তব্য, ‘উনারা (অন্তর্বর্তী সরকার) তো একটা সিদ্ধান্ত নিয়েছেন, একটা চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তো আমাদের একটা না, অনেক চুক্তি আছে। সব চুক্তি নিয়ে আলোচনা হবে। যেটা আমাদের বাস্তবায়নযোগ্য, আমাদের অর্থনীতিকে সাহায্য করবে, সেই চুক্তিগুলো নিয়ে আমরা এগোবো।’

সব দেশের সঙ্গেই সরকারকে কাজ করতে হবে বলে মনে করেন প্রতিমন্ত্রী।

‘বাংলাদেশ একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড (রপ্তানিমুখী) দেশ। এলডিসি গ্রাজুয়েশনসহ সবকিছু মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সুতরাং, চুক্তির বিষয়ে আলোচনা হবে এবং আলোচনার ভিত্তিতেই সবকিছু হবে।’

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রসঙ্গও এসেছে তার বক্তব্যে।

‘বিএনপি সরকার গঠনের পরই যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ শুরু হওয়ার পর আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি (অগ্রাধিকার) হচ্ছে আমাদের নাগরিকদের সুরক্ষিত রাখা। সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, কুয়েতসহ বিভিন্ন দেশে আমাদের অসংখ্য বাংলাদেশি কর্মরত আছে। ইরানেও আমাদের অনেক স্টুডেন্ট আছে, বাংলাদেশিরা আছে। তাদের সুরক্ষিত রাখা আমাদের ফার্স্ট প্রায়োরিটি।’

প্রবাসীদের ফেরানোর বিষয়ে প্রতিমন্ত্রী বললেন, ‘’যারা দেশে আসতে চাচ্ছে, তাদের মধ্যে ইতোমধ্যে ইরান থেকে ঈদের আগের রাতে আমরা ২৮০ জনকে আনতে পেরেছি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় আমরা তাদের দেশে আনতে পেরেছি।’

কাতারসহ অন্যান্য দেশের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছে বলেও উল্লেখ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

    শেয়ার করুন: