আগামীর সময়

যুদ্ধের কারণে প্রবাসী দেশে ফিরলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

যুদ্ধের কারণে প্রবাসী দেশে ফিরলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো প্রবাসী শ্রমিক দেশে ফিরলে কর্মসংস্থান এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

আজ বুধবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী নুর বলছিলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পেয়েছি। এখন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই কর্মস্পৃহা ও উদ্দীপনায় কাজ করতে দেখতে পাচ্ছি। সরকারি দল, বিরোধী দল ও নাগরিক সমাজ যদি একসঙ্গে সরকারকে সহযোগিতা করে, তবে তারেক রহমানের নেতৃত্বে আগামী ৫ বছরের মধ্যেই বাংলাদেশকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।

‘বর্তমান সরকার কারো প্রতিপক্ষ নয়। এ সরকার আমাদের সবার সরকার। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’, বলেও উল্লেখ করেন তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলছিলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন পরিস্থিতির অবনতি হলে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা দেশে ফিরে এলে তাদের কর্মসংস্থান, ক্ষতিপূরণ কিংবা কল্যাণে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন প্রমুখ।

    শেয়ার করুন: