তেল সাশ্রয়
একান্ত প্রয়োজন ছাড়া সরকারি সভা ভার্চুয়ালি করার নির্দেশ

ছবিঃ আগামীর সময়
দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন না করার নির্দেশ দিয়েছে সরকার। এছাড়াও সরকার মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়ালি যুক্ত হওয়ার নির্দেশ।
সম্প্রতি নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো হয়েছে চিঠি।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব/সচিব, সব বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টরা পেয়েছেন এ চিঠি।
চিঠিতে বলা হয়েছে, ‘দেশে জ্বালানি তেলের সাশ্রয় করার পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করা প্রয়োজন। এ অবস্থায় মন্ত্রণালয়/বিভাগ থেকে আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে মাঠ পর্যায় থেকে অংশগ্রহণকারীদের যুক্ত হতে হবে ভার্চুয়ালি। বিভাগীয় পর্যায়ের প্রোগ্রামে জেলা পর্যায় থেকে ও জেলা পর্যায়ের প্রোগ্রামে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ করতে হবে ভার্চুয়াল মাধ্যমে।’
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিষয় যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয় চিঠিতে।






