উপদেষ্টা রিজওয়ানা হাসানের সম্পদ কমেছে

সৈয়দা রিজওয়ানা হাসান
অন্তবর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মোট পরিসম্পদ এক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সম্পদ বিবরণী প্রকাশিত হয়।
সম্পদ বিবরণী অনুযায়ী, ৩০ জুন ২০২৪ তারিখে তার মোট সম্পদের পরিমাণ ছিল ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৫৫ টাকা, যা ৩০ জুন ২০২৫ তারিখে কমে দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ ৭২ হাজার ৯২৪ টাকায়। এক বছরে তার মোট সম্পদ কমেছে প্রায় ১ কোটি ১২ লাখ ৯২ হাজার টাকা।
বিবরণীতে দেখা যায়, এই হ্রাসের প্রধান কারণ আর্থিক সম্পদে বড় ধরনের পতন। ২০২৪ সালে তার আর্থিক সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ৯৪৮ টাকা, যা ২০২৫ সালে কমে দাঁড়িয়েছে ৮১ লাখ ৬৮ হাজার ৮১৭ টাকায়। অর্থাৎ এক বছরে আর্থিক সম্পদ কমেছে প্রায় ১ কোটি ১২ লাখ ৯২ হাজার টাকা। তবে তার নন-ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ অপরিবর্তিত থেকে ৩১ লাখ ৪ হাজার ১০৭ টাকাই রয়েছে।
অন্যদিকে, তার স্বামী আবু বকর সিদ্দিকের সম্পদ সামান্য বেড়েছে। তার মোট পরিসম্পদ ২০২৪ সালে ছিল ১ কোটি ৮৯ লাখ ৬০ হাজার ৭৮৩ টাকা, যা ২০২৫ সালে বেড়ে হয়েছে ১ কোটি ৯০ লাখ ৩৯ হাজার ৮৯৫ টাকা। এ সময়ে তার আর্থিক সম্পদ বেড়েছে প্রায় ৭৯ হাজার টাকা, আর নন-ফাইনান্সিয়াল সম্পদ অপরিবর্তিত রয়েছে ১ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার ২৫০ টাকায়।
দায়-দেনার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। সৈয়দা রিজওয়ানা হাসানের ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় ২০২৪ সালে ছিল ১০ লাখ ৫৪ হাজার ৭৫২ টাকা, যা ২০২৫ সালে কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৭ হাজার ৮৮৭ টাকায়। একই সময়ে তার স্বামীর দায় উল্লেখযোগ্যভাবে কমে ১ কোটি ৩২ লাখ ৬২ হাজার ৪৭৪ টাকা থেকে ৬ লাখ ৮৮ হাজার ৪৩১ টাকায় নেমে এসেছে।

