মধ্যপ্রাচ্যে হামলা
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা

ফাইল ছবি
ইরানের বিমান হামলায় সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মৃতদেহ ফেরাতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার।
সোমবার দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, সৌদির আল-খারজ গভর্নরেটে এই বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। সরকার গভীরভাবে শোকাহত। ওই অঞ্চলে নিরীহ বাংলাদেশি বেসামরিক নাগরিকদের প্রাণহানি অব্যাহত থাকা অত্যন্ত উদ্বেগজনক।
মন্ত্রণালয় বলেছে, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নিয়েছেন। নিরীহ মানুষের প্রাণহানি ঘটে এমন সব ধরনের হামলার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ।
বিবৃতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সরকার। পরিস্থিতি প্রশমিত করতে এবং প্রাণহানি ঠেকাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেয়। চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে- বলা আছে বিবৃতিতে।
সৌদিতে বিমান হামলার ঘটনায় নিহত দুই বাংলাদেশি হলেন কিশোরগঞ্জের কটিয়াদির মো. বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের শাখীপুরের মো. মোশাররফ হোসেন।
ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে হামলা চালাচ্ছে ইরান। এসব হামলায় এ পর্যন্ত সৌদি, দুবাই ও কাতারে ৪ বাংলাদেশি নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
এর মধ্যে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ সোমবার সকালে দেশে পৌঁছেছে। মরদেহ গ্রহণ প্রক্রিয়া শেষে বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্যগুলো জানান প্রতিমন্ত্রী।

