পররাষ্ট্রমন্ত্রী
অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ চায় না ঢাকা

সংগৃহীত ছবি
রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ চায় না ঢাকা। প্রাধান্য পাবে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। স্বাধীনতা ও সার্বভৌমত্ব। সোমবার দুপুরে সাংবাদিকদের এমনটাই জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
‘আমরা প্রতিটি দেশের সঙ্গে মিউচুয়াল ডিগনিটি নিয়ে সম্পর্ক গড়ে তুলতে চাই। আগামী দিনগুলোয় আমরা অত্যন্ত গতিশীল ফরেন পলিসি গড়ে তুলতে পারব’, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে বলেন তিনি।
এর আগে সকালে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
‘গতকাল থেকে আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শুরু করেছি। আমরা তাদের কাছে আমাদের সরকারের বৈদেশিক নীতির আউটলাইন তুলে ধরেছি। আমরা প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চাই।’
‘এখন পর্যন্ত সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেছি। তারা আমাদের সরকারের প্রতি গভীর আস্থা এবং আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন’, যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।
‘সবার আগে বাংলাদেশ’ নীতির ওপর জোর দেন খলিলুর রহমান। ‘আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না এবং আমাদের নীতি হবে পারস্পরিক স্বার্থ, ন্যাশনাল ডিগনিটি ও জাতীয় মর্যাদার ওপর ভিত্তি করে।’

