সাহিত্যিক ও সংগঠক আখতার হুসেন মারা গেছেন

কবি, শিশুসাহিত্যিক ও সংগঠক আখতার হুসেন
কবি, শিশুসাহিত্যিক ও সংগঠক আখতার হুসেন মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তিনি চার দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে পান্থ হুসেন ও প্রমিত হুসেনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী মল্লিকা হুসেন আগেই প্রয়াত হয়েছেন।
আখতার হুসেনের শেষ ইচ্ছা অনুযায়ী সিরাজগঞ্জের রহমতগঞ্জে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশে তাকে দাফন করা হবে বলেও জানিয়েছেন ছোট ছেলে প্রমিত হুসেন।
প্রমিত হুসেন আগামীর সময়কে বলেছেন, ‘আজ ঢাকার তেজকুনীপাড়ায় উনার বাসভবনের কাছে রেলওয়ে কলোনি মসজিদে একটা জানাজা হবে। এরপর আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। পরে সিরাজগঞ্জে নেওয়া হবে মরদেহ।’
আখতার হুসেন ১৯৪৫ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে তার অবদান অসামান্য। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন।
উদীচীর (একাংশ) ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক কংকন নাগ আগামীর সময়কে বলেছেন, ‘বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার আখতার হুসেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দলীয় সংগীতের রচয়িতা, উদীচীর সাবেক নাট্য সম্পাদকও ছিলেন।’
শিশু সংগঠন ‘খেলাঘর’-এর সংগঠক হিসেবে দেশের সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ছাত্র ইউনিয়ন ও খেলাঘরের জনপ্রিয় সংগঠন সংগীত ‘আমরা তো সৈনিক, শান্তির সৈনিক’—তারই লেখা। আখতার হুসেন একাধারে ছড়া, গল্প, কবিতা, নাটক ও গান লিখে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে গভীর ছাপ রেখে গেছেন।



