শাহজালাল বিমানবন্দর এলাকায় গাড়িতে মিলল পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের ১ হাজার ৮১২ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ সময় গাড়িচালক গাড়ি ফেলে পালিয়ে যান।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় সন্দেহভাজন একটি গাড়ি তল্লাশির জন্য থামানো হয়। এ সময় গাড়িচালক মো. শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়। এ ছাড়া তিনটি মোবাইল ফোন, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা নগদ অর্থ, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স, একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
কাস্টম হাউজ ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে এগুলো ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে; যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।
উদ্ধার করা পণ্য ও অন্য সামগ্রীর ইনভেন্ট্রি কাস্টমস হলে সম্পন্ন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করার কার্যক্রম চলমান।




