আগামীর সময়

প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে, কমেছে স্ত্রীর

প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে, কমেছে স্ত্রীর

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিসম্পদ বেড়েছে। ২০২৪ সালের ৩০ জুন তারিখ থেকে ২০২৫ সালের একই তারিখ পর্যন্ত তার সম্পদের পরিমাণ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা। তবে এই সময়ে তার স্ত্রী ড. আফরোজী ইউনূসের সম্পদের পরিমাণ কমেছে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণীতে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করা হয়েছে।

বিবরণীতে বলা হয়েছে, সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী/মেয়াদী আমানতে বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ারের কারণে প্রধান উপদেষ্টার সম্পদের পরিবৃদ্ধি হয়েছে।

বিবরণীতে দেখা যায়, ২০২৪ সালের ৩০ জুন প্রধান উপদেষ্টার আর্থিক সম্পদ ছিল ১৩ কোটি ১৮ লাখ ৭১ হাজার ৪৩৩ টাকা। একই সময় তার নন-ফাইনান্সিয়াল সম্পদ ছিল ২০ লাখ ৯২ হাজার ৫০০ টাকা এবং বাংলাদেশের বাইরে অবস্থিত পরিসম্পদ ৬১ লাখ ৭৫ হাজার ৭৪০ টাকা। সব মিলিয়ে তার মোট পরিসম্পদের পরিমাণ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা।

২০২৫ সালের ৩০ জুন প্রধান উপদেষ্টার আর্থিক সম্পদ পরিমাণ দাঁড়ায় ১৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৪০১ টাকায়। একই সময় তার নন-ফাইনান্সিয়াল সম্পদ বেড়ে দাঁড়ায় ২১ লাখ ৬ হাজার ২৫০ টাকা এবং বাংলাদেশের বাইরে অবস্থিত পরিসম্পদের পরিমাণ দাঁড়ায় ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকা। সব মিলিয়ে তার মোট পরিসম্পদের পরিমাণ ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা বেড়ে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকায়।

প্রজ্ঞাপনে দেখা গেছে, প্রধান উপদেষ্টার স্ত্রী ড. আফরোজী ইউনূসের সম্পদের পরিমাণ কমেছে। তার আর্থিক সম্পদ ৯৫ লাখ ৪১ হাজার ৬৭৯ টাকা থেকে কমে ৪ লাখ ৫১ হাজার ৮৬০ টাকায় দাঁড়িয়েছে। ফলে তার মোট পরিসম্পদের পরিমাণ ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা থেকে কমে ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে তার ব্যবসায়িক ও ব্যক্তিগত দায় বেড়েছে ১০ হাজার টাকা।


প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুততম সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে। তারই ধারাবাহিকতায় ১০ ফেব্রুয়ারি তারিখে উপদেষ্টা ও তাদের স্বামী/স্ত্রীর সম্পদের বিবরণী প্রকাশ করা হল।

    শেয়ার করুন: