আগামীর সময়

স্বাধীন সাংবাদিকতা ব্যাহত হওয়ার শঙ্কা, শাহবাগে সমাবেশ

স্বাধীন সাংবাদিকতা ব্যাহত হওয়ার শঙ্কা, শাহবাগে সমাবেশ

ছবিঃ আগামীর সময়

অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতা ও সাংবাদিকদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু ক্ষমতায় এসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করে উল্টো স্বাধীন সাংবাদিকতায় বাধা দেওয়া হচ্ছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশে এ কথা বলতে দেখা যায় এক গণমাধ্যমকর্মীকে।

শুক্রবার শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলন চলাকালীন সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘঠে। এ নিয়ে প্রতিবাদ জানাতে সমাবেশটির আয়োজন করে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। এ সময় ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন।

এ সময় প্রথম আলোর সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের লাঞ্ছিত ও হামলার শিকার হতে হচ্ছে। সংশ্লিষ্ট ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা, চাকরিচ্যুত করা এবং শাস্তির দাবি জানান তিনি। অন্যথায় দেশে স্বাধীন সাংবাদিকতা ব্যাহত হবে বলেও মন্তব্য করেন।

পুলিশের হামলায় আহত সাংবাদিক আবু বকর অভিযোগ করেন, ডিএমপির এক উপকমিশনারের উপস্থিতিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সাধারণ মানুষকে মারধরের কারণ জানতে চাইলে তাকেও তলপেটে লাথি মারা হয়। তিনি বলেন, এ ধরনের আচরণ কোনো আইনশৃঙ্খলা বাহিনীর হতে পারে না।

আরেক গণমাধ্যমকর্মী রাকিব মাহমুদ বলেন, সাংবাদিকদের ওপর হামলাটি পরিকল্পিত বলে তাদের ধারণা। একই সঙ্গে আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার কোনো উদ্দেশ্য আছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানান তিনি। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।

    শেয়ার করুন: