ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ : আইজিপি

বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আইজিপি
বাংলাদেশ পুলিশ ক্রীড়া ক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখতে চায় বলে মন্তব্য করেছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় পুলিশের সাফল্য রয়েছে। আমরা সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।
আজ শুক্রবার বিকালে ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২৫ প্রতিযোগিতার ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন তিনি।
আইজিপি বলেছেন, পুলিশিংয়ের মতো চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের জন্য দেহ-মনের সুস্থতা প্রয়োজন। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা একজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে আরও বেশি কর্মক্ষম ও সক্ষম করে তোলে।
ফাইনাল ম্যাচের উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, নিষ্ঠার সঙ্গে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে সেরা খেলোয়াড় হিসেবে তৈরি করতে হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শামীমা পারভীন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সিলেট রেঞ্জ ফুটবল দল এবং চট্টগ্রাম রেঞ্জ ফুটবল দলের মধ্যে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সিলেট রেঞ্জ চট্টগ্রাম রেঞ্জকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় সিলেট রেঞ্জের জীবন ম্যান অব দ্যা ম্যাচ ও আমিরুল ম্যান অব দি টুর্নামেন্ট হয়েছেন। পরে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আইজিপি।
এর আগে পিওএইচএস-১ আবাসিক এলাকায় পিওএইচএস গ্রিণ মার্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইজিপি। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মার্টটি নির্মিত হচ্ছে।






