আগামীর সময়

ঈদযাত্রার নিরাপত্তা নিয়ে পুলিশের পরামর্শ

ঈদযাত্রার নিরাপত্তা নিয়ে পুলিশের পরামর্শ

ছবিঃ আগামীর সময়

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশবাসীর জন্য নানা নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়।

পুলিশ জানায়, ঈদের ভ্রমণ পরিকল্পনা পর্যাপ্ত সময় নিয়ে করতে হবে। যাত্রাকালে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। চালককে দ্রুতগতিতে গাড়ি চালাতে চাপ না দেওয়ার পাশাপাশি বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপসহ পণ্যবাহী যানবাহনে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ ব্যবহার করতে বলা হয়েছে। যেখানে এসব সুবিধা নেই, সেখানে যানবাহনের গতি লক্ষ্য করে সতর্কতার সঙ্গে রাস্তা পার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে। এছাড়া বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করার জন্য সতর্ক করা হয়েছে।

বাসচালকদের উদ্দেশে বলা হয়েছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। ক্লান্তি, অবসাদ বা অসুস্থ অবস্থায় গাড়ি না চালানো, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং বাসে অতিরিক্ত যাত্রী না তোলার নির্দেশনা দেওয়া হয়েছে। আঞ্চলিক সড়ক ও মহাসড়কে চলাচলের সময় পুলিশের নির্দেশনা মেনে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।

নৌপথে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ, স্টিমার বা স্পিডবোটে না ওঠা এবং নৌযানের ছাদে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌপথে ভ্রমণ না করারও পরামর্শ দেওয়া হয়েছে। স্পিডবোটে ভ্রমণের সময় লাইফ জ্যাকেট ব্যবহারের কথাও বলা হয়েছে।

নৌযান মালিকদের উদ্দেশে বলা হয়েছে, নির্ধারিত গ্রেডের মাস্টার ও ড্রাইভার দিয়ে নৌযান পরিচালনা করতে হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান চলাচল বন্ধ রাখতে হবে। পাশাপাশি পর্যাপ্তসংখ্যক লাইফ জ্যাকেট ও বয়া রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নৌযান চালকদের আবহাওয়ার পূর্বাভাস জেনে বন্দর ত্যাগ করা, ডেকে যাত্রীদের বসার স্থানে মালপত্র না রাখা এবং ঝড়ের আশঙ্কা দেখা দিলে নৌযান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নৌযানে মোবাইল ফোন ও রেডিও রাখার পাশাপাশি নিয়মিত আবহাওয়ার বুলেটিন শোনার কথাও বলা হয়েছে।

ট্রেন যাত্রীদের ট্রেনের ছাদ, বাফার, পাদানি বা ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। ভ্রমণের সময় পাথর নিক্ষেপের বিষয়ে সতর্ক থাকা এবং মালপত্র নিজের দায়িত্বে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

প্রয়োজনে সহায়তার জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমের ০১৩২০০০১৩০০ ও ০১৩২০০০১২৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া হাইওয়ে পুলিশ (০১৩২০১৮২৫৯৮), রেলওয়ে পুলিশ (০১৩২০১৭৭৫৯৮), নৌ পুলিশ (০১৩২০১৬৯৫৯৮) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব (০১৭৭৭৭২০০২৯) নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করা যাবে।

    শেয়ার করুন: