কারা অধিদপ্তরের শীর্ষ দুই পদে নিয়োগ বাতিল

প্রতীকী ছবি
কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ও অতিরিক্ত মহাপরিদর্শক পদে দুই সেনা কর্মকর্তার প্রেষণ নিয়োগ বাতিল করেছে সরকার। নিয়োগের প্রজ্ঞাপন জারির পরই তা বাতিল করা হয়। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেও নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে বাতিলের বিষয়ে নতুন কোনো প্রজ্ঞাপন এখনো প্রকাশ করা হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামালকে আইজি প্রিজনস এবং কর্নেল মো. সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে দুই কর্মকর্তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রজ্ঞাপন জারির পরপরই দুই কর্মকর্তার প্রেষণ নিয়োগ বাতিল করা হয়েছে। তবে একই দিন নিয়োগ বাতিলের কারণ সম্পর্কে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
মোস্তফা কামাল কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং সাইদুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পাওয়ার পর তাদের কারা অধিদপ্তরে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছিল।
এর আগে গত ১৯ আগস্ট কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়।




