বিদ্যুৎ সাশ্রয়ে শপিং মল ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে নতুন পদক্ষেপ

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিং মল ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য দেওয়া হয়েছে কয়েকটি নির্দেশনা।
আজ রবিবার (১৫ মার্চ) বিদ্যুৎ বিভাগে ‘বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়বিষয়ক’ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি, এফবিসিসিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা।
সব বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার বাইরের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে; বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনায় ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে এবং বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার সাইনবোর্ডের আলো দোকান বন্ধ করার সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে, সভায় গৃহীত হয় এসব সিদ্ধান্ত।

