আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বাংলাদেশ-তুরস্কের আলোচনা

আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ-তুরস্কের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। অর্থনীতি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন উভয় পক্ষ।
বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি বিশেষ যৌথ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের পার্শ্ব বৈঠকে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে আঞ্চলিক বিভিন্ন ঘটনা নিয়ে মতবিনিময় করেন তারা। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথাও জানান উভয় পক্ষ।
দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে উভয় পক্ষ। বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ততা আরও বাড়ানোর বিষয়ে অভিন্ন আগ্রহের কথাও জানান তারা
বৈঠকে হুমায়ুন কবির তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে জানান, আসন্ন কপ সম্মেলনে যোগ দিতে তিনি তুরস্ক সফর করবেন।







