ভারতে ১৪ দিনের রিমান্ডে হাদি হত্যার আসামিরা

সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স। দেশটির আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করে।
রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স।
টাস্কফোর্সের বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় দুই বাংলাদেশি নাগরিক খুনের মতো গুরুতর অপরাধ করার পর অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং বাংলাদেশের ফিরে যাওয়ার জন্য বনগাঁও সীমান্ত এলাকায় গোপন আশ্রয় নেওয়ার চেষ্টা করছে।
সেই তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স শনিবার (৭ মার্চ) গভীর রাতে বনগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে।
আটক হওয়া দুই ব্যক্তিকে রবিবার (৮ মার্চ) বিধাননগর আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের ১৪ দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার দুই বাংলাদেশি নাগরিক হলেন ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। ৩৭ বছর বয়সী ফয়সালের বাড়ি পটুয়াখালী এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়।
এসটিএফ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ফয়সাল এবং আলমগীর হোসেন দুজনেই হাদীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তারা উভয়ই মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। এরপর গত কয়েক মাস ধরে তারা বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন।
অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদের স্থানীয় আদালতে তোলা হলে তাদের রিমান্ডে পাঠানো হয়। নিজেদের হেফাজতে নিয়ে ওই দুই অভিযুক্ত ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় এসটিএফের তদন্তকারী কর্মকর্তারা।

