দুর্গাপূজার আগে হিন্দু নেতাদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়

বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়
হিন্দু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘বাংলাদেশ সবার প্রিয় জন্মভূমি। এ দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবাই বাংলাদেশি এবং এ দেশের গর্বিত নাগরিক।’
আজ বুধবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে আয়োজিত সভায় সম্প্রদায়টির অধিকার, নিরাপত্তা, বৈষম্য ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
সভা শেষে গণমাধ্যমের কাছে বিরোধীদলীয় নেতার বক্তব্য তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান, পূজামণ্ডপ ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতের নেতাকর্মীদের ভূমিকা নিয়ে সভায় সন্তোষ প্রকাশ করেন সম্প্রদায়টির নেতারা। একই সঙ্গে তারা নিজেদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে কাজ করবে বলে আশ্বস্ত করেছেন বিরোধীদলীয় নেতা।
ভবিষ্যতেও মতবিনিময় অব্যাহত থাকবে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
সভায় হিন্দু সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী।
শারদীয় দুর্গোৎসবের আগে সম্প্রদায়টির নেতাদের আমন্ত্রণ জানানোর জন্য বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ধর্ম-বর্ণ ও দলমত-নির্বিশেষে সবাইকে দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার ওপরও গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে ভবিষ্যতে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন সুব্রত চৌধুরী।
সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন ও শফিকুল ইসলাম মাসুদ এমপিসহ দলের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মহানগর সার্বজনীন পূজা কমিটি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘসহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা এতে অংশ নেন।




