আসিফ নজরুলের সম্পদ কতটা বাড়ল?

সংগৃহীত ছবি
অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের জমা দেওয়া সম্পদ বিবরণী প্রকাশিত হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশিত হয়।
এতে দেখা যায়, আসিফ নজরুলের মোট সম্পদের পরিমাণ এক বছরে বৃদ্ধি পেয়েছে প্রায় ১৩ লাখ টাকা। আর বৃদ্ধির বড় অংশ এসেছে নন-ফাইনান্সিয়াল সম্পদে ১০ লাখ টাকা যোগ হওয়া থেকে। বাকি প্রায় ২.৮৭ লাখ টাকা বেড়েছে আর্থিক সম্পদ বৃদ্ধির মাধ্যমে।
গত ৩০ জুন ২০২৪ তারিখে তার মোট পরিসম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪৮ লাখ ১০ হাজার ৪৩৩ টাকা, যা ৩০ জুন ২০২৫ তারিখে বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬০ লাখ ৯৮ হাজার ২৩২ টাকায়।
দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী, আসিফ নজরুলের আর্থিক সম্পদ ২০২৪ সালে ছিল ৮৮ লাখ ৪৪ হাজার ৬৩৩ টাকা, যা ২০২৫ সালে বেড়ে হয়েছে ৯১ লাখ ৩২ হাজার ৪৩২ টাকা। একই সময়ে তার নন-ফাইনান্সিয়াল সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৬৯ লাখ ৬৫ হাজার ৮০০ টাকায়, যা আগের বছর ছিল ৫৯ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা। তার বাংলাদেশের বাইরে কোনো পরিসম্পদের তথ্য উল্লেখ করা হয়নি।
অন্যদিকে, তার স্ত্রী শীলা আহমেদের মোট সম্পদের পরিমাণও বেড়েছে। ৩০ জুন ২০২৪ সালে তার আর্থিক সম্পদের পরিমাণ ছিল ২ কোটি ১ লাখ ৩৪ হাজার ৭২০ টাকা, যা ২০২৫ সালে বেড়ে হয়েছে ২ কোটি ৪৪ লাখ ৯২ হাজার ৬১৩ টাকা। তার ক্ষেত্রেও কোনো নন-ফাইনান্সিয়াল বা বিদেশে অবস্থিত সম্পদের তথ্য পাওয়া যায়নি।
সম্পদ বিবরণী অনুযায়ী, আসিফ নজরুল ও তার স্ত্রীর কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক দায় নেই।

