মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
আজ মঙ্গলবার (৩ মার্চ) হাফিজ উদ্দিন আহমদের দপ্তরে এ সাক্ষাৎ করেছেন প্রণয় ভার্মা। সাক্ষাৎকালে তাদের মধ্যে মহান মুক্তিযুদ্ধসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
মুক্তিযুদ্ধের সময়কার অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের সরকার ও সাধারণ জনগণের অকুণ্ঠ সমর্থন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ জন্য ভারত সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। মন্ত্রী বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পৃক্ততা আরো জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।
হাফিজ উদ্দিন বলেন, ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুদেশের সম্পর্ককে আরো সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে বাংলাদেশ আগ্রহী।
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারতের কূটনীতির অন্যতম ভিত্তি হলো জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক বিশ্বাস। তিনি নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন।

