দ্রত কার্গো খালাসে এআই প্রযুক্তির ব্যবহারে জোর

সংগৃহীত ছবি
দ্রুত কার্গো পণ্য খালাসে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এভিয়েশন খাতে যোগ করবে নতুন মাত্রা। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করতে অবকাঠামোগত সমস্যা দূর করা প্রয়োজন। আজ সোমবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এমনটাই বললেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
এদিন বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং সমস্যা নিরসন এবং স্থায়ী-অস্থায়ী ওয়্যারহাউজ নির্মাণের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা হচ্ছিল। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরি প্রসঙ্গে আফরোজা খানম বলেন, প্রযুক্তি ব্যবহারে অনুসারী না হয়ে বাংলাদেশ নেতৃত্বের অবস্থানে পৌঁছাতে চায়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে সভায় অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হলে কাস্টমস তাদের কার্যক্রম নির্বিঘ্নে চালাতে পারবে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আধুনিক কার্গো ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।
সভায় কার্গো হ্যান্ডলিং সমস্যা দূর করতে একটি অস্থায়ী ওয়্যারহাউজের জন্য ৭টি এবং স্থায়ী ওয়্যারহাউজের জন্য ৪টি সম্ভাব্য স্থান নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ওষুধ আমদানি-রপ্তানি ত্বরান্বিত করতে কোল্ড স্টোরেজ নির্মাণ, নতুন গ্রাউন্ড হ্যান্ডলিং নির্দেশিকা তৈরি, আমদানিকারকদের দ্রুত নোটিস পাঠানো এবং সহজে পণ্য খুঁজে পেতে এআই মডেল চালুর বিষয়টি উঠে আসে।
বাণিজ্য সচিব মো. আতাউর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আখতার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক, বেবিচক চেয়ারম্যান এবং এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।







