‘হিউম্যানিটি অ্যান্ড হোপ’ প্রদর্শনীতে যাত্রা শুরু আর্ট নেস্টের

ছবি: আগামীর সময়
বাংলাদেশে দৃশ্যশিল্পের বিকাশ ও প্রসারে গঠিত স্বাধীন সমকালীন শিল্প-সংগঠন ‘আর্ট নেস্ট’ তাদের প্রথম দলীয় শিল্পপ্রদর্শনী ‘হিউম্যানিটি অ্যান্ড হোপ’-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকার লালমাটিয়ার ‘দ্য ইলিউশনস গ্যালারি’-তে প্রদর্শনীর উদ্বোধন হয়।
প্রদর্শনীতে মোট ৯ জন সমকালীন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। অংশগ্রহণকারী শিল্পীরা হলেনস রশীদ আমীন, সাইফুদ্দীন মাহবুব আহমেদ, ফাহমিদা এনাম কাকলী, এ. এইচ. ঢালী তমাল, গোলাম ফারুক স্বপন, তারেক আমীন, সৌরভ চৌধুরী, মনজুর রশীদ এবং নাঈম জামান। তাদের শিল্পকর্মে মানবতা, সহমর্মিতা, আশা, সহাবস্থান, সংগ্রাম ও মানবিক মূল্যবোধের নানা দিক উঠে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, শিল্পসমালোচক মঈনুদ্দীন খালেদ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার নাহিদ মাহতাব।
আর্ট নেস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক নাঈম জামান বলেন, সমকালীন দৃশ্যশিল্পের বিকাশ, শিল্পী ও দর্শকের মধ্যে সৃজনশীল সংলাপ তৈরি, গবেষণা, প্রদর্শনী, কর্মশালা এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্য নিয়ে কাজ করবে আর্ট নেস্ট। আগামীতে শিল্পপ্রদর্শনী, আর্টিস্ট টক, তথ্যচিত্র নির্মাণ, আর্কাইভিংসহ বিভিন্ন সাংস্কৃতিক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
লালমাটিয়ার ২/৬, ব্লক-সি-তে অবস্থিত দ্য ইলিউশনস গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীটি ২০ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।






