পিটিয়ে হত্যার মামলায় আত্মসমর্পণ করে কারাগারে পারভীন
- সাংবাদিকদের ওপর চড়াও স্বজনরা
আগামীর সময় প্রতিবেদক

ছবি: আগামীর সময়
ঢাকার নবাবগঞ্জের মোখলেছুর রহমান হত্যা মামলায় আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর করে আসামি পারভীনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক শ্যাম সুন্দর রায় শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন আসামি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। আসামিপক্ষের আইনজীবী আহমদ উল্লাহ আমান জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাতজখানায় রাখা হয়। এ সময় আসামির ভিডিও ফুটেজ নিতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হন তার স্বজনেরা। এর আগে ঢাকা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ফুটেজ নিতে গেলেও একই পরিস্থিতি সৃষ্টি হয়।
গত বছরের ১১ ফেব্রুয়ারি নবাবগঞ্জের নয়াকান্দা বাজারে মোখলেছুরকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী বিলকিছ বেগম পরদিন নবাবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ৩১ আগস্ট পারভীনসহ ২০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন নবাবগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন। গত ২৫ জুন অভিযোগ গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আগামী ১০ আগস্ট অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, গত বছরের ৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টার দিকে বিয়ের অনুষ্ঠানে যেতে মোখলেছুরের ভাতিজা মোসলেহ উদ্দিন পায়েলের কাছে মোটরসাইকেল চায় আসামি জামাল। পায়েল মোটরসাইকেল দিতে রাজি না হলে জামালের সাথে তার কথা কাটাকাটি হয়। মোখলেছুর বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে মীমাংসা করার জন্য আসামিদের বলেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়। ১১ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে নয়াকান্দা বাজারে মোখলেছুরকে পিটিয়ে হত্যা করে আসামিরা।







