এবার জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

ফাইল ছবি
গণভোটের ফল বাতিল চেয়ে রিটের পর এবার হাইকোর্টে জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট করলেন আরেক আইনজীবী।
জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক- এমন ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে। হাইকোর্টে রিটটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। জনস্বার্থে এ রিট করা হয়েছে বলে জানান তিনি।
রিটে বিবাদী মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টরা। বিচারপতি রাজিক আল জলিলের নেতৃতে হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে হতে পারে রিট আবেদনের ওপর শুনানি।
এর আগে মঙ্গলবার গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। রিটে গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করেন তিনি।
এই রিটের বিরুদ্ধে আদালতে আইনি লড়াইয়ের ঘোষণা দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।
জুলাই সনদ বাস্তবায়নে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে জয়যুক্ত হয় ‘হ্যাঁ’।
নির্বাচন কমিশন প্রকাশিত নির্বাচনি গেজেট অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ হাজার ৬৬০টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি।

