এফবিসিসিআই প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই

সংগৃহীত ছবি
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে ব্যবসায়ী মো. ফজলুল হকের দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই। এ বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
গত ২৬ জুলাই এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে মো. ফজলুল হককে নিয়োগ দেয় সরকার। এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হলে হাইকোর্ট চার মাসের মধ্যে এফবিসিসিআইয়ের নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এর ফলে ফজলুল হকের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
তথ্য গোপন করে একের পর এক রিট আবেদন দায়েরের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করার অভিযোগে রিটকারী আলাউদ্দিন আল মাসুমকে আগামী ১৬ নভেম্বর আপিল বিভাগে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।



